অবশেষে টনক নড়লো মুক্তাগাছা উপজেলা প্রশাসনের

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:০৫
ময়মনসিংহের মুক্তাগাছায় গতকাল শনিবার যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজি চালিত অটো রিকশার সাতজন যাত্রী নিহত হওয়ার পরদিন আজ রবিবার দিনভর ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকিপূর্ণ অবস্থায় সিএনজি চালানোর অপরাধে ছয়জন চালককে ও কয়েক যাত্রীকে জেল জরিমানা করা হয়েছে । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা সরকার । অভিযানে অংশগ্রহনকারী মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ছয়জন সিএনজি চালকের প্রত্যেককে ১০ দিনের জেল এবং সিএনজির সামনে চালকের ডানপাশে বসা যাত্রীদের প্রত্যেককে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়েছে । সিএনজি চালকদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে । প্রসঙ্গত, গত ৮ আগস্ট বিকাল পৌনে চারটার দিকে মুক্তাগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় চালকসহ একই পরিবারের বাবা- মা ও মেয়েসহ মোট সাতজন সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হন । ইত্তেফাক/এসি