সাঁথিয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষে আট জন আহত

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:৪৭

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

পাবনার সাঁথিয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল রবিবার দুপুর থেকে দফায় দফায় সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত আট জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে থানা পুলিশ নন্দনপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম লিটন মোল্লার ভাই জহুরুল ইসলাম কল্লোলকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি বার্মার তৈরি চাকুসহ আটক করেছে। গুরুতর আহত আমিনুল ইসলাম, খলিল, শহিদুল, সিরাজুল, চাঁদ আলীকে  সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

সাঁথিয়া থানার এসআই আবুল কালাম আজাদ জানান, দীর্ঘদিন ধরে নন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মোল্লা ও যুবলীগের সভাপতি হেলাল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। রবিবার দুপুরে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংর্ঘষ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।