স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) প্রকল্পের ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. জাকির হোসেন আকন্দ। তিনি বলেন, ডিএনডির উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করতে মোট ১ হাজার ৩০০ কোটি টাকার প্রয়োজন। ৫৫৮ কোটি টাকা আর্থিক বরাদ্দ শেষ হয়ে যাওয়ার কারণে প্রকল্পটির কাজের সময়সীমা ২০২১ জুন থেকে বৃদ্ধি করে ২০২৩ জুন পর্যন্ত করা হয়েছে। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে ডিএনডির পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বাস্তবায়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আলী, ডিএনডি উন্নয়ন প্রকল্পের পরিচালক লে. কর্নেল মাসফীক আলম ভুঁইয়া, ১৯ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের মেজর সৈয়দ মোস্তাকীন হায়দার, মেজর মাহতাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নারায়ণগঞ্জ : গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে ডিএনডির পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বাস্তবায়ন-সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় —ইত্তেফাক
