রাজনৈতিক পরিচয় আত্মরক্ষার ঢাল হতে পারে না -------ওবায়দুল কাদের

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২৩:৫০

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে জানিয়ে বলেছেন, রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন। গতকাল রবিবার নিজের সরকারি বাসা থেকে গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার। জনগণের চোখের ভাষা, মনের ভাষা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার বোঝে বলেই যেকোনো বিষয়ে সরকার দ্রুততম সময়ে রেসপন্স করে। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘ক্যাসিনোবিরোধী অভিযান, স্বাস্থ্যখাতে জেকেজি-রিজেন্ট গ্রুপের বিরুদ্ধে চলমান অভিযান এবং অন্যান্য যেসব অনিয়ম হচ্ছে, সেসবের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য সরকারকে আগে কেউ বলে দেয়নি। কারও পরামর্শে সরকার অভিযান পরিচালনা করেনি। শেখ হাসিনা সরকার নিজেই এসব অনিয়ম উদ্ঘাটন করেছে। তার ম্যাকানিজম দিয়ে অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করেননি। স্বপ্রণোদিত হয়েই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং এই অভিযান বিভিন্ন খাতে অব্যাহত থাকবে।’

বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘আজ যারা অনিয়ম নিয়ে কথা বলছেন, তাদের সময়কালে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।’ শেখ হাসিনা সরকার কোনো অপরাধীকে দলীয় পরিচয়ে বাঁচানোর চেষ্টা করেনি বরং প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের জন্য সোচ্চার থেকেছে জানিয়ে তিনি বলেন, বিশ্বজিত্ হত্যাকাণ্ডে অভিযুক্তরা দলীয় পরিচয়েও ছাড় পায়নি। বুয়েটের আবরার, বরগুনার রিফাত শরীফ, ফেনীর নুসরাতসহ অন্যান্য ঘটনায়ও অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে।

এর আগে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে জ্যেষ্ঠতার পাশাপাশি কর্মদক্ষতা মূল্যায়ন করা হবে। সরকারি অর্থ ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা পালনের পাশাপাশি অপচয় রোধ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সড়ক নির্মাণে গুণগতমান অক্ষুণ্ন রাখতে হবে। কাজের মান ধরে রাখতে এবং সময়মতো শেষ করতে কর্মকর্তাদের নিবিড় তদারকি বাড়াতে হবে। মন্ত্রী ঈদের ফিরতি যাত্রায় দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা তদন্তে একটি কমিটি গঠনেরও নির্দেশ দেন। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন, মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান, গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেনসহ বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।