পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবনে রাষ্ট্রীয় বেতার কেন্দ্রে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে জুনিয়র সৈন্যরা। সোমবার ‘জাতীয় উদ্ধার পরিষদ’ গঠনেরও ঘোষণা দেয় তারা। তবে এর কয়েক ঘণ্টার পর গ্যাবন সরকারের মুখপাত্র জানিয়েছেন অভুত্থান চেষ্টার সঙ্গে জড়িত সৈন্যদের গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক। বিবিসি।
বিবিসি জানায়, গ্যাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গো অসুস্থ হয়ে দীর্ঘ দুই মাস ধরে মরক্কোতে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর কেন্দ্রস্থলে রাষ্ট্রীয় বেতার কেন্দ্রের চারদিক থেকে গুলির শব্দ শোনা যায় এবং এ কেন্দ্রের প্রবেশ পথ সামরিক গাড়ি বহর দিয়ে বন্ধ করে দেয়া হয়।
এক ভিডিওতে দেখা যায় বেতার কেন্দ্রটি দখল নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের ঘোষণা দেয় তরুণ তিন সৈন্য।
আরও পড়ুনঃ সৌদি আরবে বৈঠকে যোগ দেবে না তালেবান

পরে এক বিবৃতিতে গ্যাবন সরকারের মুখপাত্র গাই-বারট্রান্ড মাপানগৌ বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বিদ্রোহী চার সেনাকে গ্রেপ্তার করা হয়েছে।’
পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশগুলোর তুলনায় খ্রিস্টান অধ্যুষিত গ্যাবন অস্থিতিশীল নয়। ক্ষমতাসীন বঙ্গো পরিবার ৫০ বছর ধরে তেল সমৃদ্ধ দেশটি শাসন করছে। তবে সাম্প্রতিক সময়ে বর্তমান প্রেসিডেন্ট আলি বঙ্গোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে।
ইত্তেফাক/টিএস
