আশুলিয়ায় বাসের ভিতর নারীর মরদেহ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৯:৩৯

সাভারের আশুলিয়ায় একটি বাসের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম দুখুনি বেগম (৪০)। সোমবার আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় সড়কের পাশে পার্ক করা মোহনা পরিবহনের একটি বাস থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। মৃত দুখুনি বেগম বগুড়া জেলার শেরপুর থানার উত্তর শাহপাড়া এলাকার মোঃ হোসেনের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় থেমে থাকা মোহনা পরিবহনের ওই লোকাল বাসটির ভিতরে এক নারীকে পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে তাকে উদ্ধার করার জন্য স্থানীয়রা বাসটির ভিতরে প্রবেশ করলে ওই নারীকে মৃত অবস্থায় দেখতে পায়। ঘটনাটি আশুলিয়া থানা পুলিশকে জানালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। 

আরও পড়ুনঃ সিংড়ায় আওয়ামী লীগ নেতার পা কর্তনে মামলা দায়ের

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাবেদ মাসুদ জানান, 'বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।'

ইত্তেফাক/নূহু