কোভিড-১৯ মহামারিতে সারা বিশ্বেই বেড়েছে অন-লাইন সেবা, যোগাযোগ, ই-কমার্স এবং ই-বিজনেস। সেদিক থেকে বাংলাদেশও পিছিয়ে নেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় রাজস্ব বোর্ডও করদাতাদের জন্য ই-সার্ভিস তথা ই-ফাইলিং সিস্টেম চালু করেছেন, যা ব্যবহার করে করদাতারা ঘরে বসেই তাঁদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন বলে ই-ফাইলিং ইউজার গাইডলাইনে বলা হয়েছে। ঐ গাইডলাইন অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডের ই-ফাইলিং সিস্টেম ব্যবহারের জন্য করদাতাদের অফ-লাইনে বা অন-লাইনে পাসওয়ার্ড এবং ইউজার আইডি সংগ্রহ করতে হবে। এজন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট আয়কর সার্কেল অফিসে। করোনা সংক্রমণরোধে করদাতারা অন-লাইনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহের জন্য আবেদন করছেন। কিন্তু দুঃখের বিষয়, অন-লাইনে তা সরবরাহ করা হচ্ছে না। ওয়েবসাইটে দেওয়া হেল্প লাইনে ফোন দিলেও কেউ ফোন ধরছেন না। জানামতে, হাজার হাজার করদাতার আবেদনপত্র পেন্ডিং অবস্থায় আছে। চলমান মহামারিতে সার্কেল অফিসে না গিয়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার ইচ্ছা পোষণ করা অবশ্যই করদাতাদের ইতিবাচক মানসিকতা। এ ব্যাপারে সাড়া দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক
