নেত্রকোনায় বাড়ছে করোনা সংক্রমণ

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:২০

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় করোনায় মৃতের সংখ্যা পাঁচ জনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও শনাক্তের হার দিন দিন বাড়ছে। এ পর্যন্ত জেলায় ৬৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে মাস দুয়েক পূর্বেও নেত্রকোনায় করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার যে প্রবণতা জনসাধারণের মধ্যে ছিল এখন তার লেশ মাত্রও নেই। মাস্ক ছাড়াই চলাচল করছে লোকজন। বাজারে বাজারে লোকের গিজগিজ। করোনার পূর্বে যে অবস্থা ছিল নেত্রকোনা জেলা সেই পূর্বাবস্থায় চলে গেছে। নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হলেও গ্রামাঞ্চলের লোকজন তা মানেন না। এরপরেও আমরা আমাদের কাজ করছি।’