প্রণব মুখার্জির অবস্থা সংকটজনক

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০১:১৬

ভারতের সাবেক রাষ্ট্রপতি (৮৪) প্রণব মুখার্জির অবস্থা সংকটজনক। রবিবার রাতে দিল্লিতে নিজের বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। আঘাতের কারণে ডান হাত নড়াচড়া করতে তার সমস্যা হচ্ছিল। এ অবস্থায় গতকাল সোমবার রাতে দিল্লির সেনা হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। আগামী ৯৬ ঘণ্টা তাকে ভেন্টিলেশনে রাখা হবে। সূত্র জানিয়েছে, পড়ে গিয়ে আঘাত পাওয়ায় তার মাথায় ইন্টারনাল হেমারেজ হয়ে থাকতে পারে। সেই কারণেই হাত নড়াচড়া করতে তার অসুবিধা হচ্ছিল। এদিকে হাসপাতালে প্রথামাফিক পরীক্ষার পর তার করোনা সংক্রমণ ধরা পড়েছে।

গতকাল সোমবার প্রণব মুখার্জি নিজেই টুইট করে  এ কথা নিশ্চিত করেন। প্রণব মুখার্জি জানান, অন্য একটি চিকিত্সার জন্য তিনি হাসপাতালে যান, তখন পরীক্ষায় তার করোনা ভাইরাস টেস্ট পজিটিভ আসে। গত এক সপ্তাহে যারা তার সংস্পর্শে এসেছিলেন, তাদের সবাইকে আলাদা থাকার এবং করোনা ভাইরাস টেস্ট করার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রণব মুখার্জি ২০১২ সাল হতে ২০১৭ সাল পর্যন্ত ভারতের প্রেসিডেন্ট ছিলেন। তিনি বহু বছর কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলেন। তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লিখেছেন, নিজের যত্ন নিন। আপনার দ্রুত আরোগ্য ও সুস্থ শরীরের প্রার্থনা করছি। দিল্লি কংগ্রেসের সাবেক প্রধান অজয় মাকেন লিখেছেন, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল লিখেছেন, আমি আশাবাদী উনি দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে পারবেন। কর্ণাটক কংগ্রেসের নেতা ডিকে শিবকুমার লিখেছেন, সাবেক রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করি। প্রসঙ্গত, ভারতে করোনা ভাইরাসের বিস্তার বেড়েই চলেছে। সোমবার পর্যন্ত দেশটিতে ২২ লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ হাজারের বেশি মানুষ।