করোনায় হোঁচট খেল ফুটবল

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২৩:২৭

স্পোর্টস রিপোর্টার

নানা ইস্যুতে হোঁচট খাওয়া বাংলাদেশের ফুটবল আবারও বড় ধরনের সমস্যার মুখোমুখি। গত মার্চ মাসে বাংলাদেশে করোনা হানা দেওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) লিগসহ সব খেলা বন্ধ করে দেয়। কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের জাতীয় ক্যাম্প শুরু করতে গিয়ে ১৮ জন খেলোয়াড় করোনা পজিটিভ হলে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে।

আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের মাটিতে ফিরতি ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা আরো বেড়েছে। ফুটবলসংশ্লিষ্টরা বলছেন, এতগুলো খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে খেলতে রাজি হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

হঠাত্ করে এত খেলোয়াড় আক্রান্ত হওয়ায় এখন চলছে কারণ অনুসন্ধান। গত ১১ জুন বাফুফের হিসাবরক্ষক মো. হেদায়েত উল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। করোনার মধ্যেও তিনি নিয়মিত অফিস করেছেন। অভিযোগ রয়েছে যে, বাফুফে কর্মকর্তাদের বিভিন্ন ‘নয়ছয়ের’ হিসাব মেলানোর জন্য তাকে নিয়মিত অফিস করতে হয়েছে।

এ ঘটনার সঙ্গে অনেকে ফুটবলারদের করোনায় আক্রান্ত হওয়ার হিসাব মেলাচ্ছেন। ঐ সময়ে বাফুফের আরো কয়েকজন স্টাফ করোনায় আক্রান্ত হন। বিভিন্ন মহল থেকে বাফুফে ভবন লকডাউন করার দাবি উঠলেও সে কাজটি করা হয়নি। এর মধ্যে প্রায় চার মাস বাংলাদেশ দল ফুটবলবিহীন থাকার পর সমালোচনার ঝড় ওঠে। বাফুফে তাই জাতীয় দল এবং ক্লাবের খেলোয়াড়দের নিয়ে সভায় বসে। কর্মকর্তারা স্থানীয় খেলা বাতিল করে আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতির সিদ্ধান্ত নেন। 

ফুটবলাররা ক্যাম্পে যোগ দিতে এলে দেখা গেল যেসব খেলোয়াড়ের করোনা রিপোর্ট নেগেটিভ ছিল তারাও নতুন পরীক্ষায় পজিটিভ হয়েছেন। গত ৫ আগস্ট খেলোয়াড়দের বাধ্যতামূলক করোনা টেস্ট শুরু হয়। ১২ জনের নমুনা পরীক্ষায় প্রথমদিনেই শনাক্ত হয় চার জন, পরে আরো সাত জন। মানে ১২ জনে ১১ জনই করোনায় আক্রান্ত। ৬ আগস্ট দ্বিতীয় ধাপে ১২ জনের মধ্যে শনাক্ত হন সাত জন। এর মধ্যে বাফুফের অফিশিয়ালরাও রয়েছেন। সবমিলিয়ে সংশ্লিষ্টরা বাফুফের কর্মকর্তাদের অদূরদর্শিতাকেই দায়ী করেন।

এদিকে, অক্টোবরে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশনপর্ব। বিশ্বকাপের জন্য ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন জাতীয় দলের কোচ জেমি ডে। কিন্তু করোনার কারণে  গাজীপুরের সারাহ রিসোর্টে শুরুতেই হোঁচট খেয়েছে জাতীয় দলের প্রশিক্ষণ। অধিকাংশ খেলোয়াড়ের রিপোর্ট পজিটিভ আসায় মাত্র কয়েকজনকে নিয়ে শুরু হয় অনুশীলন। অবশ্য তারাও এখন আতঙ্কের মধ্যে আছেন। অনেকে আইসোলেশনে থাকায় অনুশীলনটাও তেমন জমছে না।