সাবেকদের কাঠগড়ায় পাকিস্তানি অধিনায়ক

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২৩:২৮

স্পোর্টস ডেস্ক

ওল্ড ট্রাফোর্ডে তীরে এসে তরি ডুবেছে পাকিস্তানের। তিন উইকেটের হারে দেশের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েছেন টেস্ট অধিনায়ক আজহার আলী।

আজহারের নেতৃত্বের সমালোচনা করে ২৫ টেস্টে পাকিস্তানের অধিনায়কত্ব করা ওয়াসিম আকরাম স্টার স্পোর্টসে বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে এমন হার খুব যন্ত্রণা দেবে। পাকিস্তান দল ও দেশটির ক্রিকেটপ্রেমীরা এই হারে নিশ্চয়ই আক্ষেপ করবেন। জয়-পরাজয় ক্রিকেটের একটি অংশ। কিন্তু আমার মনে হয়, তার নেতৃত্বের দিক বিবেচনায় আমাদের অধিনায়ক এই ম্যাচে বেশ কয়েক বার কৌশলগত ভুল করেছে।’

রাওয়াল পিন্ডি এক্সপ্রেসখ্যাত শোয়েব আখতার মনে করেন, পাকিস্তানের পরাজয়ের জন্য অধিনায়কত্বের পাশাপাশি বড় সমস্যা হলো ব্যাটসম্যানদের মধ্যে দায়িত্বশীলতার অভাব। তিনি বলেন, ‘পাকিস্তানের জন্য টেস্টে অধিনায়কত্ব এখন একটা বড় সমস্যা। দলটির সামনে সুযোগ ছিল লিড আরো বাড়ানোর কিন্তু তারা কিছু ভুল করেছে। এসব ভুল তারা যুগ যুগ ধরেই করে আসছে। ব্যাটিংই দলকে ডুবিয়েছে। আমাদের প্রয়োজন ছিল জুটি গড়া, বাজে বল পেলেই কেবল শট খেলা। দারুণ সুযোগ ছিল ৩৫০-৪০০ রানের লক্ষ্য দেওয়ার।’

তিনি মনে করেন, অধিনায়ক আজহারের আরো দায়িত্ব নিয়ে ব্যাট করা উচিত ছিল। বললেন, ‘পাকিস্তানের তারকা ব্যাটসম্যানদের কেউই রান করতে পারেনি। বড় ক্রিকেটার হতে হলে, নাম বানাতে হলে, এসব পরিস্থিতিতেই নিজেকে মেলে ধরতে হয়। ১০৭ রানের লিড কাজে লাগাতে না পারলে, কেউ যত বড় ব্যাটসম্যানই হোক না কেন, সে কোনো কাজের নয়। অধিনায়ক নিজে একজন ব্যাটসম্যান, তার তো অন্তত আরো দায়িত্ববান হওয়ার দরকার।’

ম্যানচেস্টারে তিন উইকেটের হারে তিন ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান দল। আগামী ১৩ আগস্ট সাউদাম্পটনে শুরু হবে দ্বিতীয় টেস্ট।