গাজীপুরে দুটি হাসপাতালে টাস্কফোর্সের অভিযান ১১ লাখ টাকা জরিমানা

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০১:৩৬

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এমপির মালিকানাধীন সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পার্শ্ববর্তী সেবা জেনারেল হসপিটালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স। অভিযানকালে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা এবং সেবা জেনারেল হসপিটালকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে এ দুটি হাসপাতালে সোমবার দুপুর থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল) উম্মা সালমা তানজিয়া ও গাজীপুর র্যাব-১ এর কমান্ডার  লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল) উম্মা সালমা তানজিয়া সাংবাদিকদের বলেন, প্রতিষ্ঠানের লাইসেন্স আছে কি না, এবং ঠিকমতো সেবা প্রদান করছে কি না, সেটা দেখার উদ্দেশ্যেই আমরা বিভিন্ন হাসপাতালে অভিযান পরিচালনা করছি। কোনো প্রতিষ্ঠানকে বন্ধ করা বা সিলগালা করা আমাদের উদ্দেশ্য নয়। হাসপাতালে অভিযান পরিচালনা বন্ধ হয়নি। আজকের অভিযানই তার প্রমাণ।

 র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের জানান, সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালটির লাইসেন্স নেই। তাদের অপারেশন থিয়েটারে যেসব সার্জিক্যালসামগ্রী পাওয়া গেছে সেগুলো ৫-৬ বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এসব মেয়াদোত্তীর্ণসামগ্রী ব্যবহার করলে রোগীদের ক্ষতির কারণ হতে পারে। এখানে এ প্রতিষ্ঠানের যে সব চিকিত্সকরা উপস্থিত ছিলেন তারাও বলেছেন এটা কাঙ্ক্ষিত নয়। হাসপাতালটির ল্যাবে অনুমতি ছাড়া ব্লাড ট্রান্সফিশন করা হচ্ছে। রক্ত পরিসঞ্চালন করতে হলে আইন অনুযায়ী লাইসেন্স করতে হবে। সেই লাইসেন্সটি তারা না নিয়েই রক্ত পরিসঞ্চালন করে আসছিলেন। এদিকে বিকালে চান্দনা চৌরাস্তা এলাকায় সেবা জেনারেল হসপিটালে অভিযান চালিয়ে সেখানে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যালসামগ্রী ও রক্ত পরিসঞ্চালনের অনুমতি না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়।