শোক দিবসে জাপার মতো বিকল্পধারাও কর্মসূচি দিয়েছে

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০১:৪৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামী ১৫ আগস্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশও দলীয়ভাবে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও (জাপা) ১৫ আগস্ট কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভা করবে।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বরাত দিয়ে গতকাল সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ আগস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীর বাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় কমিটির অনুরূপ কর্মসূচি পালনের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।