সত্য’ জানানোর জন্য সময় চাইলেন শিপ্রা ও সিফাত

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০১:৪৯

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাত। গতকাল সোমবার রাতে কক্সবাজারে তারা সাংবাদিকদের এ কথা বলেন।

শিপ্রা দেবনাথ বলেন, আমাদের জন্য দোয়া করবেন। সিফাত এবং আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনারা আমাদের পাশে ছিলেন, পাশে থাকবেন। আমরা সব কথা বলব। প্রত্যেকটা সত্যি বলব। একটু সময় দেন। প্রচুর গুজব শোনা যাচ্ছে। আমরা বিভ্রান্তিমূলক খবর চাই না।  সাহেদুল ইসলাম সিফাত বলেন, মানসিক ও শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমার পায়ে গুলি লাগেনি। আশা করি, সুষ্ঠু তদন্ত হবে। 

উল্লেখ্য, গত ৩১ জুলাই টেকনাফে মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ। এ সময় তার সঙ্গে ছিলেন সাহেদুল ইসলাম সিফাত। হত্যার পর পুলিশ মেজর (অব.)  সিনহা যে রিসোর্টে উঠেছিলেন সেখানে তল্লাশি করে। মদ ও গাঁজা রাখার অভিযোগে শিপ্রাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। আর সিফাতের বিরুদ্ধে হত্যা মামলা করে পুলিশ। ভ্রমণবিষয়ক তথ্যচিত্র নির্মাণের জন্য মেজর (অব.) সিনহা, শিপ্রা, সিফাত ও তাসকিন ৩ জুলাই থেকে কক্সবাজারে অবস্থান করছিলেন।