সুন্দরগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২০:২২

সোমবার (৭ জানুয়ারি) গাইবান্ধার সুন্দরগঞ্জে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আনোয়ারা বেগম (৩৬)। উপজেলার কঞ্চিবাড়ির সতীরজানে নিজের শয়নঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি দুই সন্তানের জননী।

আনোয়ারা বেগমের আকস্মিক মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সোমবার বিকালে নিহতের স্বামী আতোয়ার রহমানকে গ্রেফতার করেছে।

নিহতের ভাই মহির উদ্দিন জানান, 'গত রবিবার রাতে নিজ শয়ন ঘরে গৃহবধূ আনোয়ারা বেগম ও তার স্বামী আতোয়ার রহমান ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় সোমবার সকালে আশপাশের লোকজন তাদের ঘরে গিয়ে দেখেন, ঘরের আড়ায় গৃহবধূর লাশ ফাঁসিতে ঝুলে আছে। কিন্তু এ সময় ঘরে তার স্বামী ছিলেন না'।

তিনি অভিযোগ জানান, 'আতোয়ার রহমান শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর লাশ ফাঁসিতে ঝুলিয়ে রেখে পালিয়ে যান। পরে তার লোকজন ঘটনাটি আত্মহত্যা বলে প্রচারণা চালায়'।

গতকাল সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানার ওসি এসএম আবদুস সোবহান মুঠোফোনে বলেন, 'খবর পেয়ে উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠান। স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আতোয়ার রহমানকে গ্রেপ্তার করেন। এ ব্যাপারে নিহত আনোয়ারা বেগমের বাবার বাড়ির পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাটি তদন্ত অব্যাহত রেখেছে'।

আরও পড়ুনঃ আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি পিছিয়েছে

তবে গ্রেপ্তারকৃত নিহত গৃহবধুর স্বামী আতোয়ার রহমান সুন্দরগঞ্জ থানায় সাংবাদিকদের কাছে স্ত্রী হত্যার অভিযোগটি অস্বীকার করেন এবং তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন।

ইত্তেফাক/জেডএইচডি/নূহু