দিনাজপুরের নবাবগঞ্জে শেখ রাসেল জাতীয় উদ্যান আশুড়ার বিল এলাকায় স্থানীয় বখাটে যুবকরা প্রেমিককে মারপিট করে প্রেমিকাকে ধর্ষণ করেছে। এঘটনায় প্রেমিক রিয়াজুল ইসলাম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ ৪ যুবককে আটক করেছে এবং ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, নবাবগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রিয়াজুল ইসলাম (২০) সোমবার তার প্রেমিকাকে নিয়ে নবাবগঞ্জে শেখ রাসেল জাতীয় উদ্যান আশুড়ার বিল এলাকায় বেড়াতে যান। দুপুরে ঐ এলাকার শওগুন খোলা গ্রামের শরিয়তের ছেলে শাহিনুর আলম (৩০) ও ইসমাইলের ছেলে আজিম (৩১), ফতেপুর মাড়াষ গ্রামের মতিনের ছেলে সাজেদুল (২১) ও আবু তাহেরের ছেলে সাহারুলসহ (২০) কয়েকজন যুবক প্রেমিক রিয়াজুল ইসলামকে মারধর ও আটককে রেখে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এসময় শাহিনুর আলম প্রেমিকাকে শালবনের ভিতরে নিয়ে ধর্ষণ করে। প্রেমিককে আটক রাখা অন্যান্য যুবকরা প্রেমিকার মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করে। ঘটনাক্রমে প্রেমিক রিয়াজুল যুবকদের নিকট থেকে দৌড়ে পালিয়ে পথিমধ্যে এক ব্যক্তির নিকট মোবাইল ফোন চেয়ে নিয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে ঘটনার বর্ণনা জানান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে স্থানীয় বন রক্ষা কমিটির সহায়তায় ধর্ষক শাহিনুরসহ ৪ জনকে আটক করে।
নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, এঘটনায় থানায় অপহরণ পূর্বক ধর্ষণ ও চাঁদা দাবির মামলা হয়েছে। ৪ আসামিকে আটক করা হয়েছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
