ইন্টার মিলান ইউরোপা লিগের শেষ আটে বেয়ার লেভারকুসেনকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ম্যাচটিতে গোল করে অনন্য রেকর্ড গড়েছেন ফরোয়ার্ড রোমেলু লুকাকু। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডও কোপেনহেগেনকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে উঠে গেছে।
ইন্টারের ম্যাচে তিনটি গোলই এসেছে নয় মিনিটের ব্যবধানে। ১৫ মিনিটে নিকো বারেলার গোলের পর ২১ মিনিটে লক্ষ্যভেদ করেন লুকাকু। ২৪ মিনিটে লেভারকুসেনের কাই হাভার্টস গোল করলেও শেষ রক্ষা হয়নি জার্মান দলটির।
১০ বছর পর ইউরোপীয় আসরের সেমিফাইনালে উঠেই রেকর্ড গড়েছে ইন্টার। এই নিয়ে আটবার উয়েফা কাপ বা ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছে দলটি, এরচেয়ে বেশিবার শেষ চারে খেলার কীর্তি নেই আর কারো। তবে ২০০১-০২ মৌসুমের পর এটিই দলের প্রথম। শেষ শিরোপাটি এসেছিল অবশ্য ১৯৯৭-৯৭ মৌসুমে।
চলতি মৌসুমে শিরোপাখরা কাটানোর পথে দলটির সবচেয়ে বড় ভরসা রোমেলু লুকাকু। যিনি লেভারকুসেনের বিপক্ষে গোল করে ইউরোপা লিগে টানা ৯ ম্যাচে লক্ষ্যভেদের কীর্তি গড়েছেন, টানা আট ম্যাচে গোল করে তালিকার দ্বিতীয় স্থানে আছেন অ্যালান শিয়েরার।
এদিকে কোপেনহেগেনের বিপক্ষে ইউনাইটেডের একমাত্র গোলটি এসেছে যোগ করা অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে। চলতি মৌসুমে দলটির রেকর্ড ২১তম পেনাল্টি থেকে গোল করে ব্রুনো ফার্নান্দেজ বনে গেছেন চলতি ইউরোপা আসরের সর্বোচ্চ গোলদাতাও। ইউনাইটেডের হয়ে দুটো গোল করার আগে স্পোর্টিং লিসবনের হয়ে পাঁচ গোল করেছিলেন পর্তুগীজ এই মিডফিল্ডার।
