সরকারের একটি গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক পরিচয় দিয়ে বিভিন্ন সময় মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম-পরিচালককে শিক্ষকের বদলির তদবির করতে যান শাহিনুল ইসলাম ওরফে শাহিন। প্রথমে মোবাইলে ফোন করে তদবির করেন। তাতে কাজ না হলে নিজে পরিচালকের অফিসে যান। বিষয়টি তাদের সন্দেহ হলে পুলিশকে জানায়। গত সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে বদলি সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়। গতকাল মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, গত ১৬ জুন সকালে যুগ্ম-পরিচালকের অফিসে যায় শাহিন। তিনি নিজেকে একটি গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক পরিচয় দিয়ে বদলির তদবির করতে যুগ্ম-পরিচালককে একটি চিরকুট দেন। গতকাল সকালে শাহিন ফের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম-পরিচালকের অফিসে যান। যুগ্ম-পরিচালক শাহিনকে পরিচয়পত্র দেখাতে বললে তিনি দেখাতে পারেনি। এরপর পরিচালক খোঁজখবর নিয়ে জানতে পারেন, ঐ গোয়েন্দা সংস্থায় ঐ নামে কেউ সহকারী পরিচালক পদে নেই। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন পুলিশকে জানান, তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট। প্রতারণার অভিযোগে শাহিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
