দেশের একশ্রেণির আবাসন কোম্পানির মাধ্যমে গ্রাহক প্রতারিত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। সরকারি বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়ার পরও এখনো থামেনি এ প্রতারণা। গ্রাহকের কাছ থেকে অর্থ নেওয়া হলেও ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়া কিংবা সময়মত হস্তান্তর না করার অভিযোগ দীর্ঘদিনের। এছাড়া নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা, চুক্তির চেয়ে পরিমাপে কম দেওয়া, অপকৌশলে চুক্তির বাইরে অর্থ আদায় করা কিংবা অর্থ দিতে বাধ্য করাসহ বিস্তর অভিযোগ আবাসন নির্মাণকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে। এ ধরনের নানামুখী প্রতারণার শিকার হয়ে শেষ পর্যন্ত অনেক গ্রাহকের খুব বেশি কিছু করারও থাকে না। ফলে তাদের অনেককেই প্রতারণা কিংবা অন্যায় আবদার মেনে নিতে হয়। বেশির ভাগ ক্ষেত্রেই প্রত্যাশিত প্রতিকার মেলে না।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রাহকরা বিভিন্ন সময়ে এ ধরনের অভিযোগ আবাসন কোম্পানিগুলোর সংগঠন রিহ্যাবের কাছে দিয়ে থাকেন। অতীতে এ ধরনের অভিযোগ প্রমাণিত হওয়ায় রিহ্যাব কিছু ক্ষেত্রে এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানকে সতর্ক করা এমনকি সদস্যপদও বাতিল করেছে। জানা গেছে, সর্বশেষ তিনটি প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিল করা হয়েছে। তালিকায় রয়েছে এমবিকে বিল্ডার্স লিমিটেড, যার রিহ্যাব সদস্য নম্বর ৫২৪। এসআরএম ডেভেলপার্স লিমিটেড সদস্য নম্বর ৭১৮ এবং দিপ্তি আবাসন লিমিটেড, সদস্য নম্বর ১৩৮৮।
রিহ্যাবের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় কোম্পানিগুলোকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ডেভেলপার কোম্পানিগুলো রিহ্যাব সদস্যপদ সম্বলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শন কিংবা রিহ্যাবের সদস্য পরিচয়ে কোথাও কোনো সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবে না। জানা গেছে, দেশব্যাপী কয়েক হাজার কোম্পানি আবাসন ব্যবসায়ের সঙ্গে জড়িত। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক প্রতিষ্ঠান রিহ্যাবের সদস্য নয়। নামসর্বস্ব ও সাইনবোর্ডসর্বস্ব এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেই মূলত প্রতারণার অভিযোগ বেশি।
