বাংলাদেশের বায়োটেক খাতে সামিট গ্রুপের সঙ্গে প্রায় আড়াই হাজার কোটি টাকার বিনিয়োগের সঙ্গে যুক্ত হয়েছে চীনের ওরিক্স বায়োটেক হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান ওরিক্স বায়োটেক লিমিটেড। ৩০ কোটি মার্কিন ডলারের ঐ বিনিয়োগ চুক্তিতে যুক্ত রয়েছে সামিট টেকনোপলিস এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এর মাধ্যমে করোনার চিকিত্সায় ব্যবহূত প্লাজমা বিশ্লেষণ প্লান্ট স্থাপন করা হবে। বাংলাদেশের প্রথম বায়ো টেকনোলজিবিষয়ক বিনিয়োগের এই প্ল্যান্টে প্লাজমা ডেরিভেটিভস উত্পাদন করা হবে, যা জীবনরক্ষাকারী ওষুধ হিসেবে বিবেচিত। কোভিড-১৯ এর সম্ভাব্য চিকিত্সায় প্লাজমার চাহিদা রয়েছে। গত সোমবার এ বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, সামিট টেকনোপলিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান এবং ওরিক্স বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড বো। রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে ঐ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত ছিলেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, ভাইস চেয়ারম্যান লতিফ খান, ফরিদ খান, জাফর উম্মিদ খান, সামিট গ্রুপের পরিচালক আয়েশা আজিজ খান, আজিজা আজিজ খান, ফাদিয়া খান, সালমান খান প্রমুখ।
