ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটবাহিনীর গাড়িবহরে কমপক্ষে দুইটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তাত্ক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নিরাপত্তা সূত্র জানায়, প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়। এদিন কুয়েতের দক্ষিণ সীমান্তের কাছে বিস্ফোরণটি হয়। অপর ঘটনাটি উত্তর বাগদাদে মঙ্গলবার ঘটে। সামরিক সূত্র জানায়, এর আগে রবিবারও একই ধরনের বিস্ফোরণে জোট বাহিনীর কাছে খাদ্য সরবরাহকারী গাড়ি বহরের ব্যাপক ক্ষতি হয়। দেশটিতে এখনো কয়েক হাজার মার্কিন সৈন্য রয়েছে। এরা মূলত সেখানে সুন্নি ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। শুধু সুন্নি জঙ্গি নয়, ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াদের দমনেও তারা কাজ করে যাচ্ছে। এই মিলিশিয়ারা তাদের নেতা আবু মাহদি আল মুহানদিসের হত্যার বদলা নিতে সেখানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গত জানুয়ারিতে বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানির সঙ্গে তিনিও নিহত হন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মিলিশিয়াদের দাবি, ইরাক থেকে যেন পুরোপুরি মার্কিন সৈন্য সরিয়ে নেওয়া হয়।
মিলিশিয়ারা বর্তমান প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমির বিরোধিতা করে আসছে। তাদের বক্তব্য—কাদিমি মার্কিনপন্থি এবং তাদের স্বার্থ রক্ষা করছে।
