‘চীন তাইওয়ানকে আরেকটি হংকং বানাতে চায়’

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২২:০৩

তাইওয়ানকে আরেকটি হংকং বানানোর চেষ্টা করছে চীন। বেইজিং যেসব শর্ত দিয়ে চাপ প্রয়োগ করছে তা মানলে এই দ্বীপ অঞ্চল হংকংয়ে পরিণত হবে। মঙ্গলবার মার্কিন স্বাস্থ্যমন্ত্রী আলেক্স আজারের সঙ্গে রাজধানী তাইপেতে এক বৈঠকে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ এ কথা বলেন।

১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা তাইপে সফর করলেন। প্রায় চার দশক পর মার্কিন শীর্ষ কর্মকর্তা হিসেবে গত রবিবার চার দিনের সফরে তাইওয়ানে পৌঁছান আলেক্স আজার। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর এই সফরের নিন্দা জানিয়েছে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসা চীন। মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর এই সফর ঘিরে সোমবার স্পর্শকাতর তাইওয়ান প্রণালীতে যুদ্ধবিমান পাঠিয়েছে, যা তাইওয়ানের অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রে শনাক্ত হয়েছে। চীনের এ ধরনের পদক্ষেপকে হয়রানির অংশ হিসেবে দেখে তাইপে।

আজারের সঙ্গে তাইপেতে যৌথ সংবাদ সম্মেলনে এসে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেন, ‘তাইওয়ানকে রাজনৈতিক পরিস্থিতি মেনে নেওয়ার জন্য চীন চাপ অব্যাহত রাখায় আমাদের জীবন ক্রমশ কঠিন হয়ে পড়েছে। এসব রাজনৈতিক পরিস্থিতি তাইওয়ানকে আরেকটি হংকংয়ে পরিণত করবে।’ বেইজিংয়ের শাসন তাইপেকে মেনে নেওয়ার জন্য চীন ‘এক দেশ, দুই নীতি’ ব্যবস্থার একটি মডেলের প্রস্তাব করেছে। এই নীতি প্রায়ই হংকংয়ের ক্ষেত্রে চীন ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ। এদিকে তাইপে সফরে এসে তাইওয়ানের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সফলতার প্রশংসা করেছেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী আজার। আলেক্স আজারের তাইওয়ান সফরের পর বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়েও ব্যাপক কঠোর অভিযান শুরু করেছে চীন। সোমবার হংকংয়ের ধনকুবের জিমি লাই, যিনি মিডিয়া মোগল হিসেবে পরিচিত, বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগে তাকেও গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া লাইয়ের মালিকানাধীন সংবাদপত্রের কার্যালয়গুলোতে অভিযান চালানো হয়েছে।