সেঞ্চুরি করে কেপটাউনে জিতিয়েছেন দলকে। অথচ জোহানেসবার্গে সিরিজের তৃতীয় টেস্টেই থাকছেন না অধিনায়ক ফাফ ডু প্লেসিস। কারণ মন্থরগতির ওভার রেটের জন্য তাকে এক টেস্ট নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শুধু তাই নয়, ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে তার। অধিনায়ক ছাড়াও প্রোটিয়া একাদশের বাকি দশজনকেও ম্যাচ ফি’র ১০ শতাংশ করে জরিমানা করেছে আইসিসি। আইসিসির ২.২২.১ এর ধারা অনুযায়ী কোনো দল যদি মন্থর ওভার রেটে ধরা পড়ে তাহলে পুরো দলকে ম্যাচ ফি’র দশ শতাংশ এবং অধিনায়ককে জরিমানা করা হয় ২০ শতাংশ। ১২ মাসের মধ্যে এই ঘটনা দ্বিতীয়বার করলে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয় অধিনায়ককে। গেল বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টেও স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনেছিলেন ডু প্লেসিস। একবছরের মধ্যে সেই ভুল দ্বিতীয়বার করায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হয়েছে তাকে।
