করোনায় প্রাণ গেল আরো এক পুলিশ সদস্যের

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০০:৩৬

করোনায় আক্রান্ত হয়ে পুলিশের এএসআই (সশস্ত্র) মো. দলিল উদ্দিন বিশ্বাস (৫৮) মারা গেছেন। সোমবার রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, করোনা আক্রান্ত হওয়ায় গত ২৫ জুলাই দলিল উদ্দিনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আইসিইউতে রেখে চিকিত্সা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার নওদা গ্রামে। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এ নিয়ে বর্তমান করোনাকালে পুলিশের ৬৬ জন সদস্য মারা গেলেন।