লেবাননে মন্ত্রিসভার পদত্যাগের পরও বিক্ষোভ অব্যাহত

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০১:০১

সোমবার সন্ধ্যায় লেবাননের গোটা মন্ত্রিসভা পদত্যাগ করার পরেও পরপর তৃতীয় রাতে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের সামনে প্রতিবাদ জানায়। বিক্ষোভকারীরা ইটপাটকেল এবং আতশবাজি ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়। এক সপ্তাহ আগে বৈরুত বন্দরের ভয়াবহ বিস্ফোরণে ২০০ জনের বেশি মানুষ মারা যাবার পর মানুষের মধ্যে ক্রোধ ক্রমশ বাড়ছে। বন্দরে ২ হাজার ৭৫০ টন বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট পর্যাপ্ত নিরাপদ ব্যবস্থা না নিয়ে ছয় বছর ধরে মজুত রাখতে দেওয়ায় মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে। প্রধানমন্ত্রী হাসান ডিয়াব নিজে এর দায়িত্ব গ্রহণ না করে বলেছেন বহু বছর ধরে সব কিছুর রন্ধ্রে দুর্নীতি দানা বাঁধাই এর কারণ। এদিকে ঐ অ্যামোনিয়াম নাইট্রেটের মালিককে খুঁজে পাওয়া যায়নি। —বিবিসি