জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। প্রতিবছর জাতীয় শোক দিবসে বিভিন্ন অনুষ্ঠান, শোক সভা, কাঙালিভোজসহ নানা আয়োজন থাকে। করোনা ও দুই দফার বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করে লোকসমাগমের বড় আয়োজন সীমিত করে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা প্রদান করছে জেলা আওয়ামী লীগ। এই খাদ্য সহায়তা প্রদানে অর্থ যোগান দিচ্ছে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও একেএইচ গ্রুপের পরিচালক শামীম হক।
বুধবার(১২ অগাস্ট) সদর উপজেলার ৪ টি ইউনিয়নের ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। সকাল থেকে ৫ টি ভেন্যুতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে স্থানীয় নেতাদের ছত্রচ্ছায়ায় বাড়ছে কিশোর অপরাধ
সৈয়দ মাসুদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, দলের সকল নেতাকর্মীরা যেনো বন্যা ও করোনা দুর্গতদের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করে। তার নির্দেশনা অনুযায়ী ও সহ সভাপতি শামীম হকের আর্থিক সহায়তায় শোকের মাস উপলক্ষে দুর্গতদের খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে জেলা আওয়ামী লীগ। তিনি আরও জানান, সাধারণ মানুষের দুর্দিনে সব সময়ই আওয়ামী লীগ অতীতেও তাদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।
সিনিয়র সহসভাপতি শামীম হক জানান, আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক জেলার বন্যা দুর্গতদের সহায়তার জন্যই এই উদ্যোগ নিয়েছি।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, সয়াবিন তেল, লবণ, পেঁয়াজ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
এসকল আয়োজনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্যা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন আহমেদ মানু, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ফারুক হোসেন, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামালউদ্দিন, জেলা মহিলা লীগের সদস্য সচিব আইভি মাসুদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ইত্তেফাক/এএএম

