ডোমারে পুকুর থেকে সাত মাসের শিশু ও মায়ের লাশ উদ্ধার 

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:১৯

নীলফামারীতে সাত মাস বয়সী এক কন্যা শিশু ও তার মা আলেফ নুরা (৩২) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার  (১২আগস্ট) সকাল ১১ টার দিকে ডোমার উপজেলার চিলাহাটিতে এ ঘটনাটি ঘটে।

আলেফ নুরা ওই এলাকার ঈসমাইল হোসেনের স্ত্রী ও একই উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মফিজ উদ্দিনের মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে শিশু ইসরাত জাহান পায়খানা করলে, মা আলেফ নুরা পরিষ্কার করার জন্য ঘর হতে বের হয়। বেশ কিছু সময় আলেফ নুরা ফিরে না আসায় তাকে বাড়ির লোকজন খুঁজতে থাকে। সকাল নয়টার দিকে এক নারী পুকুরে তাদের ভাসমান দেহ দেখতে পেয়ে চিৎকার করে। এতে এলাকার লোকজন ছুটে এসে পুকুর হতে তাদের উপরে তুলে দেখে দুই জনেরই মৃত্যু হয়েছে। আলেফ নুরার স্বামী তাদের পরিচয় শনাক্ত করে। সকাল ১১ টার দিকে পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। 

আরও পড়ুন: লাকসামে এক প্রসূতির পাঁচ সন্তান প্রসব

আলেফ নুরার স্বামী ঈসমাইল হোসেন জানান, গত তিন মাস হতে আলেফ নুরা মানসিক ভারসাম্যহীন হয়ে রয়েছে। রংপুর পপুলার মেডিক্যালে তার চিকিৎসা করানো হচ্ছে।

ডোমার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

ইত্তেফাক/এএএম