দুই পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:১৮

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে দুইটি পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল বুধবার ঢাকা মহানগরীর দারুস সালাম এলাকায় বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স খালেক সার্ভিস ফিলিং স্টেশনের দুইটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে ১০ লিটারে ১৪০ মিলি করে জ্বালানি তেল কম প্রদান করায় এবং কল্যাণপুর এলাকার মেসার্স সোহরাব সার্ভিস স্টেশন একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে ১০ লিটারে ৪৮০ মিলি করে জ্বালানি তেল কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠান দুইটিকে যথাক্রমে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত কর্তৃক শ্যামলী এলাকার মেসার্স সাহিল ফিলিং স্টেশন এবং আসাদ গেইট এলাকার মেসার্স সোনার বাংলা ফিলিং স্টেশনে অভিযানকালে পরিমাপে সঠিক পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।—প্রেস বিজ্ঞপ্তি