সেভিয়া ইউরোপা লিগের শেষ আটে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলের জয় নিয়ে শেষ চার নিশ্চিত করেছে। এর ফলে শনিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে দলটি। দিনের অন্য ম্যাচে শাখতার দোনেত্স্ক ৪-১ গোলে এফসি বাসেলকে উড়িয়ে দিয়ে শেষ চারে মুখোমুখি হচ্ছে ইন্টারের। ইউরোপা লিগের রেকর্ড শিরোপাজয়ীরা গত মঙ্গলবার ডাইসবার্গে উলভসের বিপক্ষেও আধিপত্য ধরে রেখেই খেলছিল। প্রথম বড় সুযোগটা অবশ্য এসেছিল ইংলিশ দলটির কাছেই। কিন্তু পেনাল্টি থেকে রাউল হিমেনেজ গোল করতে ব্যর্থ হলে এগিয়ে যাওয়া আর হয়নি উলভারহ্যাম্পটনের। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও যখন খেলা গড়াচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে, তখনই গোল পায় সেভিয়া। ৮৮তম মিনিটে এভার বানেগার ক্রসে মাথা ছুঁইয়ে দলকে শেষ চারে তুলে দেন লুকাস ওক্যাম্পোস।
রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ীদেরকে সেমিফাইনালে তুলে উচ্ছ্বাস প্রকাশ করলেও কোচ হুলেন লোপেতেগুই প্রতিপক্ষ ইউনাইটেডকে নিয়ে বেশ সতর্ক। বললেন, ‘দারুণ একটা দলের বিপক্ষে বেশ ধৈর্য ধরতে হয়েছে আমাদের, খেলোয়াড়দের নিয়ে আমি বেশ গর্বিত। আমাদের কঠোর পরিশ্রম করার মানসিকতা আছে কিন্তু আমরা বিশ্বের সবচেয়ে বড় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হতে যাচ্ছি, ব্যাপারটা মাথায় রাখতে হবে আমাদের।’
তবে গেলসেনকিরচেনে বাসেলের বিপক্ষে শাখতারের জয়টা এসেছে অনায়াসেই। জুনিয়র মোরায়েস আর টাইসনের গোলে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যাওয়া শাখতার অ্যালান প্যাট্রিক আর দেমিলসনের কল্যাণে ৪-১ ব্যবধানের এক বড় জয়ই পায়। শেষ চারে দারুণ ফর্মে থাকা ইন্টার মিলানের মুখোমুখি হবে দলটি।
