করোনাকালে ক্রিকেটারদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পর্যবেক্ষণে কোভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপ চালু করেছিল বিসিবি। জাতীয় দল ও শীর্ষ ৪০ ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছিল এর কার্যক্রম। ধীরে ধীরে এই অ্যাপে যুক্ত করা হয়েছে নারী ক্রিকেট দল, হাই পারফরম্যান্স স্কোয়াড ও বিসিবির কর্মকর্তারা। এবার নতুন যুব দলের জন্য ডাক পাওয়া ৪৫ ক্রিকেটারও এই অ্যাপের আওতায় আসছেন।
ক্রিকেটার, কর্মকর্তাসহ সবমিলিয়ে কোভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপের আওতায় থাকছেন ২৫০ জন। বিসিবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ম্যানেজার (এমআইএস) নাসির আহমেদ নাসু গতকাল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন যুব দলের জন্য ডাক পাওয়া ৪৫ ক্রিকেটার তিন ধাপে ক্যাম্পে যোগ দিবেন। ১৬, ১৮, ২০ আগস্ট তাদের করোনা টেস্ট হবে। তারপর বিকেএসপিতে আবাসিক ক্যাম্পে যোগ দিবে যুবারা। গতকাল নাসু বলেছেন, ‘এখন ওদের নামগুলো ড্যাটাবেজে এন্ট্রি হচ্ছে। ড্যাটাবেজে উঠানোর পরে যখন ওরা ক্যাম্পে আসবে তখন ওদের এই অ্যাপের আওতায় আনা হবে। কারণ ওদের ব্যাপারে আরো কিছু তথ্য প্রয়োজন। নাম, ঠিকানাসহ অন্যান্য তথ্য এন্ট্রি করে সবকিছু প্রস্তুত করে রেখেছি। আমাদের অ্যাপের অধীনে মোট ২৫০ জন সদস্য আছে, ক্রিকেটার ও বিসিবির স্টাফ মিলে।’
