ম্যানচেস্টার টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা গুনেছেন স্টুয়ার্ট ব্রড। পাকিস্তানের ইয়াসির শাহকে আউট করে তার দিকে তেড়ে গেছেন, গালিও ছুড়েছেন। তাতে আইসিসির আচরণবিধির ২.৪ ধারাটি ভেঙেছেন ব্রড। মজার ব্যাপার হলো, যিনি এই সাজা দিয়েছেন তিনি হলেন খোদ ব্রডেরই বাবা ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো বাবা আচরণবিধি ভঙ্গের সাজা দিলেন ছেলেকে। ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে স্টুয়ার্টের। ছেলের নামে একটা ডিমেরিট পয়েন্টও যোগ করেছেন ক্রিস। গত দুই বছরের মধ্যে এ নিয়ে তৃতীয় বারের মতো ডিমেরিট পয়েন্ট পেলেন স্টুয়ার্ট ব্রড। মজা করেই কিনা পরে স্টুয়ার্ট ব্রড টুইটারে লিখেছেন, এবারের ক্রিসমাসে গিফট ও কার্ডের তালিকা থেকে বাবার নাম কেটে দিবেন!
