তরুণ ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:৫৫

ভারতে উদীয়মান এক ক্রিকেটারের আত্মহত্যার ঘটনা ঘটল। গেল সোমবার সন্ধ্যায় নিজের বাসায় গলায় ফাঁস দেন করণ তিওয়ারি নামের এই ক্রিকেটার। ২৫ বছর বয়সি এই পেসার মুম্বাইয়ের রঞ্জি দলের নেটে বোলিং করতেন। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। মুম্বাইয়ের দল সূত্রে জানা যায়, দারুণ ফিটনেসের অধিকারী তিওয়ারির বোলিং অ্যাকশন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনের সঙ্গে মিলে যেত। তাই, ‘জুনিয়র ডেল স্টেইন’ নামে পরিচিত ছিলেন তিনি। মুম্বাইয়ের নেটে তিনি ছিলেন দুই বছর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন। সেটা না হওয়াতেই আত্মহত্যার পদক্ষেপ তিনি নিয়েছেন বলে ধারণা করছে ভারতীয় গণমাধ্যম। তিওয়ারির পরিবারে মা ও বোন ছিল।