চার পুলিশ ও তিন সাক্ষী সাত দিনের রিমান্ডে

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২২:৫৩

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি চার পুলিশসহ সাত জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় টেকনাফের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তামান্না ফারহা তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিনিয়র আইনজীবী মোহাম্মদ মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড পাওয়া চার পুলিশ সদস্য হলেন—কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন এবং এএসআই লিটন মিয়া। অপর তিন জন হলেন—সিনহা হত্যা মামলায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষী টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে র্যাব।

গ্রেফতার হবার আগে সাক্ষীরা গণমাধ্যমের কাছে দাবি করেছিলেন, এ হত্যার ঘটনা তারা কেউ নিজের চোখে দেখেননি। ঘটনার পর স্থানীয় পুলিশ ফাঁড়িতে তাদের ডেকে নেওয়া হয়। পরে সকালে টেকনাফ থানায় নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছিল বলে দাবি করেন তারা। পরে জানতে পারেন তাদের সাক্ষী করা হয়েছে।

এদিকে সিনহার বোনের করা হত্যা মামলায় অভিযুক্ত ৯ আসামির মধ্যে ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দ দুলাল রক্ষিত এখনো কারাগারে। এদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু তাদের এখনো রিমান্ডে নেওয়া হয়নি। 

বাকি চার জনকে দুই দিন করে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। গত শনি ও রবিবার তাদের জেল গেইটে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে হত্যাকাণ্ড এবং তার সঙ্গে সম্পৃক্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছিলেন র্যাবের গণমাধ্যম শাখার প্রধান লে. কর্নেল আশিক বিল্লাহ।