প্রণব মুখার্জির শারীরিক অবস্থার উন্নতি হয়নি

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০০:৩০

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার উন্নতি হয়নি। গতকাল পর্যন্ত ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি। গতকাল বুধবার সকালে দিল্লির সেনা হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, এখনো সংকটজনক অবস্থায় রয়েছেন সাবেক রাষ্ট্রপতি। ১০ আগস্ট অস্ত্রোপচারের পর থেকেই তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

১০ আগস্ট পড়ে গিয়ে আঘাত পান ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির ক্যান্টনমেন্ট সেনা হাসপাতালে। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করেন চিকিত্সকরা। পাশাপাশি তার করোনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে। সেনা হাসপাতালের চিকিত্সকদের সূত্রে খবর, অস্ত্রোপচারের মাধ্যমে জমাট বাঁধা রক্ত বের করা সম্ভব হয়েছে, কিন্তু অস্ত্রোপচারের জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। সাবেক রাষ্ট্রপতি নিয়মতি রক্ত পাতলা করার ওষুধ খান। সেই কারণেই অস্ত্রোপচারের জায়গা থেকে রক্তক্ষরণ কমছে না বলেই মত চিকিত্সকদের। তাই অস্ত্রোপচারের পর থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, বরং কিছুটা অবনতি হয়েছে বলে চিকিত্সকদের সূত্রে জানা গেছে। তবে তিনি স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন এবং করোনা ভাইরাসের কারণে কোনো সমস্যা নেই বলেও হাসপাতাল সূত্রের খবর।

গত বছরই ভারতরত্ন পুরস্কার পেয়েছেন প্রণব মুখোপাধ্যায়। সেই স্মৃতিচারণ করে গতকাল টুইট করেছেন তার কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘গত বছরের ৮ আগস্ট আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল। ঐদিন বাবা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ঠিক এক বছর পর ১০ আগস্ট তিনি গুরুতর অসুস্থ। তার জন্য যেটা সবচেয়ে ভালো, ঈশ্বর সেটাই করুন। আর আমাকে আনন্দ ও দুঃখ একইরকমভাবে গ্রহণ করার শক্তি দিন। যারা তার জন্য উদ্বিগ্ন, তাদের সবাইকে ধন্যবাদ।’

এদিকে ঘরের ছেলের আরোগ্য কামনায় যজ্ঞে বসেছে বীরভূমের কীর্ণাহার। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই যজ্ঞ চলবে আজ বৃহস্পতিবার পর্যন্ত। কীর্ণাহারের জপেশ্বর শিব মন্দিরে জন্মাষ্টমীর পুণ্যতিথিতে এই যজ্ঞ শুরু হয়েছে।—এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা