স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, খুব শিগিগরই দেশে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুত্ উত্পাদন করতে যাচ্ছে সরকার। গতকাল বুধবার রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে উত্তর সিটি করপোরেশনের অধীনে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ঢাকাসহ সব সিটি করপোরেশন এবং ছোট-বড় শহরে এমনকি গ্রামগঞ্জ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, যেখানে-সেখানে ময়লা না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় ময়লা-আবর্জনা ফেলার পর এসব সংগ্রহ করে প্লান্টের মাধ্যমে বার্ন করে বিদ্যুত্ উত্পাদন করা হবে বলে জানান তিনি।
উন্নত বিশ্বে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুত্ উত্পাদন হচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী জানান, দেশেও সব ধরনের বর্জ্য বার্ন করে বিদ্যুত্ উত্পাদন করার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শহর ও গ্রামাঞ্চলে পশু-পাখির মৃতদেহসহ ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মৃত পশু-পাখির দেহের অংশ ছড়িয়ে-ছিটিয়ে থাকায় একদিকে যেমন এগুলো পচে বিভিন্ন রোগ-জীবাণুর সৃষ্ট হয়, অন্যদিকে মাটি, পানি ও বায়ুদূষণসহ সার্বিকভাবে পরিবেশ দূষিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এজন্য সচেতন নাগরিক হয়ে যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলে পরিচ্ছন্ন নগরী তথা দেশ গড়তে হবে। পরিচ্ছন্নতাকর্মীরাও মানুষ, তাদের প্রতি আমাদের আন্তরিকতা, সম্মান ও দায়িত্ব রয়েছে। তাদেরও উন্নত জীবন যাপনের স্বপ্ন দেখা এবং স্বপ্ন পূরণের অধিকার আছে জানিয়ে মো. তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। সবাই উন্নত জীবনযাপনের সুযোগ পাবে বলে উল্লেখ করেন তিনি। ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় পরিচ্ছন্নতাকর্মীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
