পেট বোতল ফ্লেক্স রপ্তানিতে নগদ সহায়তা আবার ১০ শতাংশ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:৪০

ইত্তেফাক রিপোর্ট

ব্যবহূত প্লাস্টিক বোতল প্রক্রিয়াজাত করে উত্পাদিত পেট বোতল ফ্লেক্স রপ্তানিতে নগদ সহায়তা আবার ১০ শতাংশ করা হয়েছে। গত জুলাই থেকে জাহাজীকৃত পণ্যের ওপর এ নগদ সহায়তা পাবেন রপ্তানিকারকরা। গত অর্থবছর পেট বোতল ফ্লেক্স রপ্তানিতে দশ শতাংশ দেওয়া হলেও চলতি অর্থবছর তা কমিয়ে ৫ শতাংশ করা হয়। তবে গতকাল সোমবার এ সংক্রান্ত নির্দেশনা সংশোধন করে আবার ১০ শতাংশ করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

জানা গেছে, রপ্তানিকারকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে পেট বোতল ফ্লেক্সে নগদ সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। সে আলোকে বাংলাদেশ ব্যাংক গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নগদ সহায়তা বিষয়ে গত ১০ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে ১৫ (ক) ক্রমিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সরকারি সিদ্ধান্তের আলোকে ২০১৮-২০১৯ অর্থবছরে জাহাজীকৃত পেট বোতল ফ্লেক্স রপ্তানির বিপরীতে ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ হারে রপ্তানি ভর্তুকি দেওয়া হবে।