জেলেদের মারধর করে মাছ লুটের অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যানের নামে মামলা

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৬:১৬

পূর্ব সুন্দরবনে জেলেদের মারধর ও মাছ লুটের অভিযোগে বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) রাতে শরণখোলা থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় ছয় জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামি হলেন-পারভেজের সহযোগী উপজেলার বকুলতলা গ্রামের মো. নাছির হাওলাদার, সোনাতলা গ্রামের আলম হাওলাদার, জাকির হাওলাদার, মিজান ওরফে শহিদ মৃধা ও তার ভাই পলাশ হাওলাদার। 

মামলার এজাহার ও ভূক্তভোগীদের সুত্রে জানা যায়, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আ. হক খানের পুত্র জেলে মামুন খান (৩৫)  গত ৭ আগস্ট বগী ফরেস্ট স্টেশন থেকে পারমিট গ্রহণ করে সঙ্গীয় জেলেদের নিয়ে সাগরে মাছ ধরতে যায়। ৯ আগস্ট বৈরী আবহাওয়ার কবলে পড়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকার বালির খালে জেলেরা নিরাপদে আশ্রয় নেয়। ওইদিন বিকাল পাঁচটার দিকে শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ও তার সহযোগী কয়েকজন লোক ঘটনাস্থলে গিয়ে সাগরপাড়ের ওই স্থান নিজের দখলে বলে দাবি করে জেলে মামুন খানকে মারধর করে তাড়িয়ে দেয়। এসময় ট্রলার থেকে ৩৮টি ইলিশ মাছ ও ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। মারধরে গুরুতর আহত জেলে মামুনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

আরও পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক সেব্রিনা ফ্লোরা

মামলার বাদী উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৎস্য ব্যবসায়ী এমাদুল হক শরীফ জানান, তার বহরের জেলে মামুন খানসহ অন্য জেলেদের ভাইস চেয়ারম্যান মারধর করে টাকা ও মাছ লুট করায় তিনি এ মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, ‘সুন্দরবনে জেলে মারধরের ঘটনায় বুধবার রাতে ভাইস চেয়ারম্যান পারভেজ ও তার সহযোগীদের নামে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।’

অপরদিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, ‘বন বিভাগের অনুমতি ছাড়া সুন্দরবনে মাছ ধরার সময় সোমবার বিকালে কটকা অভয়ারণ্য এলাকা থেকে দুইটি নৌকাসহ শরণখোলার ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের ৯ জেলেকে আটক করে আদালতে চালান দেওয়া হয়েছে। এ ব্যপারে বিভাগীয় বন মামলা করা হয়েছে।’

ইত্তেফাক/এএএম