মোনাজাত

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৯:২৩

হে রহিম! রহমান!! আল্লাহ্ রাব্বুল আলামিন!

তোমার রহস্য ঘেরা সৃষ্টি এই আসমান জমিন।

কতটুকু জানে তার ক্ষীণবল আদম সন্তান—

মস্তিষ্কের কোষকলা নিয়ন্ত্রণ করে যার প্রাথমিক জ্ঞান।

 

যুগে যুগে কালে কালে পাঠায়েছ গজব এন্তার

ভয়ে আতঙ্কে মানুষ ঠেকাতে চেয়েছে বিস্তার—

প্রার্থনায় আর্তি শুধু তোমার হিকমত

দয়া করে দয়াময় খুলেছ তাদের কিসমত।

 

কখনো বা ধ্বংস করে দিয়েছ সমূলে

জানি না কোন সে পাপে বিশ্ব আজ পড়েছে অকূলে।

প্রযুক্তির উদ্ভাবনে উদ্ধত অহংকারি যারা

তারাও চাইছে ঊর্ধ্বলোকে কেটে যাক অভিশপ্ত ফাঁড়া।

 

যদি হয় আসমানের বালা—আসমানে উঠাও

আর যদি হয় জমিনের, জমিনে মিটাও—

জান তো দুর্বল অতি তোমার এ মাটির সন্তান

সর্বদাই দয়া চায় হে রহিম! রহমান!!

 

দয়া কর, দয়া কর অনুতাপের দাও গো তওফিক

আবার উঠুক হেসে তোমার মহিমা ভরা মহাবিশ্ব—

মহাদশদিক।