শেরপুরের ঝিনাইগাতীতে রঘুনাথ কোচ (৫০) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক ব্যক্তিকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। রঘুনাথ কোচ উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের শ্রীনাল কোচের ছেলে।
বুধবার (১২ আগস্ট) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহ অঞ্চলে আরও ৪ ট্রেন চালু
রঘুনাথ কোচের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০ টায় কে বা কারা ফোনে রঘুনাথ কোচকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে দুইপা ভেঙ্গে দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রঘুনাথ কোচের অবস্থা আশঙ্কাজনক।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, ‘ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করতে আসেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইত্তেফাক/এএএম
