পশ্চিমের জেলাগুলোতে তীব্র শীত উপেক্ষা করে বোরো চাষে নেমেছে কৃষক

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:৪৭

ভ্রাম্যমাণ প্রতিনিধি

তীব্র শীত উপেক্ষা করে পশ্চিমের জেলাগুলোতে বোরো চারা রোপণ শুরু করেছে চাষি। ইতোমধ্যে বোরো বীজতলা তৈরি হয়েছে। জেলাগুলো হচ্ছে- কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, মাগুরা ও ঝিনাইদহ ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, এবার পশ্চিমের ৬ জেলায় ৩ লাখ  ৯৪ হাজার  ১২৫  হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আর বোরো চাল উত্পাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১৫ লাখ  ৮০ হাজার ৬২৮ টন। ধানের দাম কম থাকায় অনেক চাষির বোরো চাষে কিছুটা অনিহা ছিল। বর্তমানে ধানের দাম মণপ্রতি একশ’ টাকা থেকে দেড়শ’ টাকা বেড়ে যাওয়ায় চাষিরা বোরো চাষে ঝুঁকেছে। তবে চাষিরা জানান, তীব্র শীতের কারণে বোরো বীজতলায় কোল্ড ইনজুরি রোগ দেখা দিয়েছে। মেহেরপুর জেলার সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের চাষি জিয়াউর রহমান জানান,  নতুন ধান উঠার পর চাষি দাম পায় না। চাষির ঘরের ধান শেষ হলে দাম চড়ে যায়। 

 কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চন্ডি দাস কুণ্ডু বলেন, এবার ২০ হাজার হেক্টরে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। চাষিরা আগাম চাষে নেমে পড়েছে। ইতোমধ্যে ৭ ভাগ জমিতে চারা রোপণ হয়েছে।