ভেনিজুয়েলার যোগাযোগমন্ত্রী ও প্রেসিডেন্টের ঘনিষ্ঠ উপদেষ্টা জর্জ রোদ্রিগেজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক টুইটার বার্তায় তিনি নিজেই এ কথা নিশ্চিত করেছেন। খবর এবিসি নিউজের
জর্জ রোদ্রিগেজ বলেন, বর্তমানে তিনি সুস্থবোধ করলেও স্বাস্থ্যবিধি মেনে তিনি আইসোলেশনে যাবেন। কারণ তিনি মনে করেন, এ বিষয়টি রাষ্ট্রের সব নাগরিককেই মেনে চলা উচিত। অন্যথায় এর প্রাদুর্ভাব আমরা রুখতে পারব না। আক্রান্ত হওয়ার আগে সরকারের এই মন্ত্রীকে প্রায়ই করোনা নিয়ে সর্বশেষ তথ্য দিতে দেখা যেত। টুইটারে তিনি বলেছেন, ‘ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশ ও চিকিত্সা আমাদের মেনে চলতে হবে।’ মাদুরো সরকারের উচ্চপদস্থ এই কর্মকর্তাকে প্রায়ই ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টিভির ক্যামেরায় প্রেসিডেন্টের সঙ্গে দেখা যেত। এছাড়া তিনি অনেক সময় সমাজতান্ত্রিক সরকারের সমালোচকদের প্রতিরোধ করার জন্য প্রেসিডেন্টের পক্ষেও বক্তব্য রাখতেন। তেলসমৃদ্ধ এ দেশটিতে করোনার প্রাদুর্ভাবের আগেই অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট দানা বেঁধে ছিল। বর্তমানে সেখানে করোনা রোগীর সংখ্যা ২৯ হাজারেরও বেশি। আর মারা গেছে ২৫০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজারের বেশি মানুষ।
