করোনা দুর্যোগের মধ্যে শ্রম পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে সরকার মালিক ও শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি এই সময়ে সবাইকে ভেদাভেদ ভুলে শ্রমজীবী মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে শ্রমভবনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস আয়োজিত শ্রমিকের মধ্যে খাদ্যসহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ কার্যক্রমে সহায়তা করছে ডেনমার্কের ড্যানিশ ট্রেড ইউনিয়ন ডেভেলপমেন্ট এজেন্সি (ডিটিডিএ)। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেন শ্রমক্ষেত্রে সংঘটিত সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় উদ্যোগে গুরুত্ব দেন। তিনি বলেন, ত্রিপক্ষীয় উপায়ে শ্রম ক্ষেত্রে যে কোনো সমস্যা সমাধানকে স্বাগত জানায় তার দেশ। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করতে চায়।
বিলসের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, বিলস মহাসচিব ও নির্বাহী পরিচালক নজরুল ইসলাম খান, জাতীয় শ্রমিক লীগ সভাপতি ফজলুল হক মন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
