শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেকট্রনিক বিডিং সম্পাদনের মাধ্যমে প্রান্ত-সীমা (কাট অব প্রাইস) নির্ধারণের জন্য মীর আক্তার হোসেন লিমিটেডের বিডিংয়ের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বৃহস্পতিবার বিএসইসির ৭৩৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, মীর আক্তার হোসেন বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ১২৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরঞ্জামাদি ও যন্ত্রপাতি ক্রয়সহ ব্যসায় সম্প্র্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ দশমিক ৩২ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪ দশমিক ৭১ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) হয়েছে ৩৩ দশমিক ৬৩ টাকা।
