অন্যের টিকিটে ট্রেনে চড়লেই জেল-জরিমানা

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২২:৪৫

নিজের নামে কেনা ট্রেনের টিকিট কারো কাছে বিক্রি বা হস্তান্তর করলে তিন মাস পর্যন্ত জেল ও জরিমানা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া অন্যের টিকিট ব্যবহার করলে কিংবা ব্যবহার করার চেষ্টা করলে ঐ টিকিটের ভাড়ার সমান টাকা জরিমানা হিসেবে আদায় করা হবে। গতকাল বৃহস্পতিবার রেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে হঠাত্ করে রেলপথ মন্ত্রণালয়ের এ বিজ্ঞপ্তিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।           অনেকে আশঙ্কা করছেন, এ কারণে চরম বিড়ম্বনায় পড়তে হবে অনেক যাত্রীকে।

এ নির্দেশনার ব্যাপারে রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বলেছেন, এতে যাত্রী সাধারণের কোনো ভোগান্তি পোহাতে হবে না। বরং রেলওয়ের সেবার মান বাড়বে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজের নামে কেনা টিকিট কারো কাছে বিক্রি বা হস্তান্তরের ব্যাপারে রেলওয়ের আইনে জেল ও জরিমানার বিধান রয়েছে। তবে বিভিন্ন কারণে এর প্রয়োগ ছিল না। মূলত টিকিট কালোবাজারি প্রতিরোধের জন্য আইনটিকে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে এ শীর্ষ কর্তকর্তা বলেন, একজনের পরিচয়পত্রের নম্বর দিয়ে সর্বোচ্চ চারটা টিকিট ক্রয় করা যাবে। তবে বয়স ১৮ বছরের কম হওয়ার কারণে যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের ক্ষেত্রে মা-বাবার জাতীয় পরিচয়পত্রের বিপরীতে টিকিট কিনতে পারবেন।

কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার বলেন, লোকাল ট্রেনের যাত্রীদের তো জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কিনতে হয় না। শুধু আন্তঃনগর ট্রেনের ক্ষেত্রেই জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয়। এতে রেল সেবার মান বাড়বে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের বিস্তার রোধে বর্তমানে ১৭ জোড়া ট্রেন অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করছে। আগামী ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

রেলে পানি সরবরাহ করবে শ্যামলী

নিজস্ব ব্র্যান্ডের পানি সরবরাহ করতে শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে। এর নাম হবে ‘রেল পানি’। গতকাল বৃহস্পতিবার রেলভবনে বাংলাদেশ রেলওয়ে ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়। রেলওয়ের পক্ষে চুক্তিপত্রে সই করেন যুগ্ম মহাপরিচালক (অপারেশন) রাশিদা গনি এবং শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজ প্রাইভেট লিমিটেডের পক্ষে এম ডি রমেশ চন্দ্র ঘোষ। অনুষ্ঠানে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।