ক্ষতিপূরণ পাননি পঙ্গুত্বের শিকার সৌদি ফেরত যুবক ইব্রাহীম

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:৪৯

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

ক্ষতিপূরণ পাননি সৌদি আরব থেকে পঙ্গুত্ববরণ করে দেশে ফেরা কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের দোয়ানী পাড়ার হতদরিদ্র দিনমজুর তোফাজ্জেল মণ্ডলের ছেলে ইব্রাহীম। সংসারে আর্থিক সচ্ছলতা আনতে ২০১৮ সালের শুরুতে ইব্রাহীম মহাজনদের কাছ থেকে চড়া সুদে ৪ লাখ টাকা ও ২ বিঘা জমি বন্ধক রেখে ৫ লক্ষাধিক টাকা খরচ করে সৌদি আরব যায়। সেখানে আল মোনার নামের এক কোম্পানিতে কনস্ট্রাকশনের কাজ পায়। এরই মধ্যে কনস্ট্রাকশন সাইডে কাজ করে মালিকের ট্রাকে চড়ে বাসায় দুপুরের খাবার খেতে আসার পথে ট্রাকটি সড়ক দুর্ঘটনায় পতিত হয়।

সড়ক দুর্ঘটনায় ওই ট্রাকে থাকা এক বাংলাদেশি নিহত ও ইব্রাহীমসহ আরো কয়েকজন গুরুতর আহত হয়। সড়ক দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত ইব্রাহীমকে সঙ্গাহীন অবস্থায় সৌদির রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে উন্নত চিকিত্সার ব্যবস্থা না করে তার ডান পা কেটে ফেলার প্রস্তাব দেয় ওই হাসপাতালের চিকিত্সক। আপত্তি জানায় ইব্রাহীম। এক পর্যায়ে বিনা চিকিত্সায় অবর্ণনীয় কষ্ট সইতে না পেরে নিরুপায় ইব্রাহীম ওই চিকিত্সকের সিদ্ধান্তে রাজি হয়। পরে তাকে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে কোনোরূপ যোগাযোগ করার সুযোগ না দিয়ে ও ক্ষতিপূরণের ব্যবস্থা না করে দেশে পাঠিয়ে দেওয়া হয়। এমতাবস্থায় মহাজনদের কাছ থেকে নেওয়া টাকা কিভাবে ফেরত দেবে ও আগামীতে তার ভবিষ্যত্ই বা কি সে চিন্তায় দিশেহারা ইব্রাহীম ও তার পরিবার।