স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত ডিজি হলেন সেব্রিনা ফ্লোরা

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২২:৫২

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক (আইইডিসিআর) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। মহামারিকালে নানা অনিয়মের অভিযোগের মুখে স্বাস্থ্য অধিদপ্তরের ব্যাপক রদবদলের পর তিনি এ পদে নিয়োগ পেলেন। করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর সংবাদ ব্রিফিং করতেন কেমব্রিজের পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপক ডা. মীরজাদী। তখন থেকেই তিনি আলোচনায় আছেন। পরে অবশ্য স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. সুলতানা নাসিমা সুলতানা স্বাস্থ্য বুলেটিন  ঘোষণা করতেন। তবে সেই বুলেটিন বুধবার থেকে বন্ধ হয়েছে।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ২০ অগাস্ট থেকে অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব নেবেন বলে জানানো হয়েছে। অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী। এমবিবিএস পাশ করার পর বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করেছিলেন তিনি। জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিত্সা প্রতিষ্ঠান-নিপসম থেকে রোগতত্ত্বে স্নাতকোত্তর করেন তিনি। এর পর তিনি বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলে সহকারী পরিচালক হিসেবে যোগ দিয়ে তিন বছর গবেষণা করেন। ডা. সেব্রিনা ফ্লোরা ২০১৬ সালে আইইডিসিআরের পরিচালক হিসেবে নিয়োগ পান। তিনি ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব ইন্টারন্যাশনাল মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের ফেলো।