অব্যাহত শীত ও কুয়াশা
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
অব্যাহত শীত ও কুয়াশায় গঙ্গাচড়ায় বোরো চাষিদের ভরসা পলিথিন। পলিথিন দিয়ে এখন কৃষকরা বোরো চারা উত্পাদন করছে।
গত কয়েকদিনের অব্যাহত শীত ও ঘন কুয়াশার কারণে বোরো চারা উত্পাদন করা কষ্টকর হচ্ছে। এ কারণেই কৃষকরা চারা উত্পাদনে পলিথিন ব্যবহার করছে। কোল্ড ইনজুরিতে পড়েছে বোরো চারা। হলুদ বর্ণ ধারণ করছে চারা। অনেকেই শীতের কারণে চারা তৈরি করতে পারছে না।
সরেজমিনে বিভিন্ন এলাকায় দেখা যায়, চারা রোপণের বয়স হলেও শীতের কারণে জমিতে লাগাতে পারছে না। অনেক চারা হলুদ ও লাল বর্ণ ধারণ করছে। অনেকের চারা ইন্জুরিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। কিসামত হাবু গ্রামের কৃষক নগেন ও আরেফিন জানান, প্রচণ্ড শীতে চারা ফেললে নষ্ট হয়ে যাবে। এ কারণে তারা জমিতে বীজ ফেলে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে। যাতে চারা নষ্ট না হয়। এসব চারা আলু তোলার পর রোপণ করবে। আরেফিন ও ফেরদৌস এর মত অনেকে এখন পলিথিন দিয়ে চারা উত্পাদন করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, শীতের কারণে কিছু চারা হলুদ হয়েছে তবে ক্ষতি হবে না। এসব চারায় ছত্রাকনাশক স্প্রে, সেই সাথে সকালে কুয়াশা ঝেড়ে ফেলে দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন কৃষকদের। তবে পলিথিন দিয়ে শুকনা বীজতলা করা খুবই উত্তম।
