দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দুদক। ঐ ব্যক্তির নাম মোছাব্বির হোসেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের অগ্রণী ব্যাংকের শাখা থেকে দুদকের একটি টিম তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দুদকের কমিশনার পরিচয় দিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানিসহ অনেক প্রতিষ্ঠানে দুদকের ম্যাগাজিন প্রকাশের নামে বিজ্ঞাপন চেয়ে অর্থ দাবির অভিযোগ রয়েছে। দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান বাদী হয়ে গ্রেফতার মোছাব্বির হোসেন ও মো. নজরুল ইসলাম নাঈমের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা করেছেন।
দুদক সূত্র জানায়, একটি চক্র দুদকের এক কমিশনারের নাম, স্বাক্ষর ও পদবি ব্যবহার করে দুদকের মনোগ্রাম সংবলিত প্যাডে ম্যাগাজিনের জন্য বিজ্ঞাপন চেয়ে অর্থ দাবি করছে। প্রতারকদের ধরতে দুদকের গোয়েন্দা অনুবিভাগের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর তত্ত্বাবধানে দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়। গতকাল অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু অ্যাভিনিউ শাখা থেকে প্রতারণার অর্থ উত্তোলনের সময় মোছাব্বিরকে গ্রেফতার করা হয়। ২০১৭ সালে কমিশনের হাতে গ্রেফতার হওয়া প্রতারক নাঈমের টিমের সদস্য মোছাব্বির। ২০১৭ সালের ১৯ এপ্রিল একই জাতীয় অপরাধে নাঈমের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করে দুদক। মামলাটি এখনো বিচারাধীন।
