নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী তিন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যের পরিবারকে সোমবার বিকালে ১৫ লাখ টাকার চেক দেয়া হয়েছে। কুমিল্লা আনসার-ভিডিপি কুমিল্লা রেঞ্জের পরিচালক মোঃ ফখরুল ইসলাম তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চেক দেন।
কুমিল্লা রেঞ্জের পরিচালক মো. ফখরুল ইসলাম জানান, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আনসার-ভিডিপি কুমিল্লা রেঞ্জের অধীন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তুলাচড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আনসার নুর নবী। আনসার ও ভিডিপি কল্যাণ তহবিল হতে নুর নবীর মা বিবি ফাতেমার হাতে এক লাখ এবং তার স্ত্রী নাছিমা আক্তারের হাতে চার লাখসহ পাঁচ লাখ টাকার অনুদানের ডিমান্ড ড্রাফট দেয়া হয়েছে। একই দিন রেঞ্জের অধীন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনকালে হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান পিসি আবদুল লতিফ, তার স্ত্রী মাজেদা বেগমের হাতে পাঁচ লাখ টাকার অনুদানের ডিমান্ড ড্রাফট দেয়া হয়। এছাড়া একই দিন রেঞ্জের চাঁদপুরের উত্তর মতলব উপজেলার ছেংগারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনকালে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান ভিডিপি আলী আহম্মদ বেপারী, তার মা মনোয়ারা বেগমকে এক লাখ এবং স্ত্রী আকলিমা আক্তারকে চার লাখ টাকা অনুদানের ডিমান্ড ড্রাফট দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে আনসার-ভিডিপি কুমিল্লা জেলা কমান্ডেন্ট শুভ্র চৌধুরী, চাঁদপুর কমান্ডেন্ট এএসএম আজিমউদ্দিন, লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়ন কমান্ডেন্ট আশীষ কুমার ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
