টাঙ্গাইলে ড্রেন থেকে উদ্ধার হওয়া নবজাতকের মৃত্যু

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:৫১

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ড্রেন থেকে উদ্ধার হওয়া সেই নবজাতকটি সোমবার সকালে ঢাকা শিশু হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। ঢাকা সমাজ সেবা কার্যালয়ের পক্ষ থেকে সন্ধ্যায় শিশুটির দাফনের ব্যবস্থা করা হয়।

টাঙ্গাইল সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, গত ৪ জানুয়ারি সন্ধ্যার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের এক নারী পরিচ্ছন্নতাকর্মী হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে ওই নবজাতককে উদ্ধার করেন। শিশুটি হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিত্সাধীন ছিল। শিশুটির ওজন হয়েছিল মাত্র এক কেজি ৩০০ গ্রাম। তাকে উন্নত চিকিত্সার জন্য গত ৬ জানুয়ারি ঢাকা শিশু হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিত্সাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।